৪০০ কর্মী ছাঁটাই করলো উবার

৩১ জুলাই, ২০১৯ ১২:৪২  
বিশ্বের সবচেয়ে বড় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। বর্তমান সময়ে প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে ধুঁকছে। তাই এবার প্রতিষ্ঠানটি ৪০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। উবারের সারা বিশ্বে মার্কেটিং টিমে ১২০০ কর্মী রয়েছে। তার মধ্যে ৭৫ অফিসের ৪০০ কর্মীকে তারা ছাঁটাই করছে। গত মে মাসে শেয়ার বাজারে প্রবেশ করার পর থেকেই বেকায়দায় পড়েছে উবার। এরই জের ধরে গত জুনে মার্কেটিং, কমিউনিকেশন ও পলিসি টিমকে একত্রিত করেন সিইও দারা খশরুশাহী।এছাড়াও, গত জুনে উবারের মার্কেটিং ও পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় জিল হ্যাজেল বেকারকে। খশরুশাহী ও জিল হ্যাজেল সোমবার কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে জানান, মার্কেটিং টিম এখন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে। দারা খশরুশাহী ইমেইলে আরও জানান, উবারের অনেকগুলো টিমের আকার বেশ বড়। অনেকে না জেনে বুঝে সিদ্ধান্ত নেন। এ কারণে একই কাজ পুনরাবৃত্তি হয়। এতে ফলাফলও আসে মাঝারি মানের। গত মে মাসে শেয়ার ছাড়ে উবার। কিন্তু শেয়ারের দাম ৮ শতাংশ কমে যাওয়ার পর বিপদে পড়ে তারা। এরপর থেকে উবারের শেয়ারের দাম ৪৫ ডলারের আশে পাশেই আটকে আছে। এতে প্রথম প্রান্তিকে ১০০ কোটি ডলারের ক্ষতি হয় তাদের। ক্ষতির কারণে উবারের পরিচালনা পর্ষদের তিন সদস্য, চিফ অপারেটিং অফিসার ও চিফ মার্কেটিং অফিসার পদত্যাগ করেন।